ডা. মোফাখখারুল হত্যা মামলায় দুই আসামির ফাঁসির রায় বহাল

 
বাংলাদেশ মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের রেজিস্টার ডা. মোফাখখারুল আহমেদ সোহেল হত্যা মামলায় দুই আসামিকে নিম্ন আদালতের দেয়া ফাঁসির রায় বহাল রেখেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ তাদের আপিল আবেদন খারিজ করে দিয়েছে।
 
একই সঙ্গে পাঁচ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি বুলুকে খালাস দিয়েছে আদালত। ইতিমধ্যে তার সাজা শেষ হওয়ায় খালাস দেয়া হয়।
 
২০০৮ সালের ১১ জানুয়ারি সোহেলকে তার নিজ বাসায় কুপিয়ে হত্যা করে বাসার কাজের ছেলে সাইফুল, সাইফুলের খালাতো ভাই ফিরোজ ও বুলু। ওই দিন রাতে লাশ তিন টুকরা করে বস্তায় ভরে তা শ্যামলী পরিবহনের মাধ্যমে রংপুরের পীরগঞ্জ পাঠানো হয়। সেখান থেকে গাইবান্ধার শিমুলতলী নিয়ে নিহতের মাথা পুতে রাখা হয়। এরপর শরীরের বাঁকি দুই অংশ করতোয়া নদীতে ফেলে দেয়া হয়।
 
এই ঘটনায় সোহেলের মা ফিরোজা আহমেদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০৯ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাইফুল ও ফিরোজকে ফাঁসির রায় দেয়। আর বুলুকে দেয় ৫ বছরের কারাদণ্ড। পরে রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন।
 

আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহুরুল হক ও আসামি পক্ষে মো. শহীদুল ইসলাম সরকার শুনানি করেছেন।