ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ব্যাপক ধূলিঝড় ও বজ্র বৃষ্টিতে ৫ জনের প্রাণহানি ও ৫০ জনেরও বেশি আহত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়ে রেল, সড়ক ও বিমান চলাচল।
মঙ্গলবার হঠাৎ করেই আকাশ কালো মেঘে ছেয়ে যায়। আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে লোকজনকে আগে থেকে সতর্ক করা যায়নি।
রাজ্যের ইতাওয়াহ এলাকায় সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর রায়ে বেরেলিতে ১২.৮ ও লক্ষ্ণৌতে ৯.৯ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় কমপক্ষে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পর প্রবল বৃষ্টিপাত হয়।
ঝড়-বৃষ্টিতে রাজ্যের অনেক এলাকায় গাছপালা উপড়ে রাস্তার ওপর এসে পড়ে। ফলে বিভিন্ন এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বজ্রপাতে বুলান্দশারে এক ও আউরিয়া এলাকায় আরো একজনের মৃত্যু হয়। লক্ষীপুর এলাকায় দেয়াল ধসে এক বালক নিহত হয়।
তবে অন্যদিকে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা কমে যাওয়ায় লোকজন ভ্যাপসা আবহাওয়া থেকে স্বস্তি পেয়েছে। গত নভেম্বর থেকে এখানে ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছিল। বাসস।