বিএনপি বুদ্ধিমানের মতো কাজ করেছে: মাহবুবে আলম

 
পাকিস্তান মুক্তিযুদ্ধ নিয়ে যেসব ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়ে বিএনপি বুদ্ধিমানের মতো কাজ করেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
 
গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, ‘যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধে গণহত্যা সত্য, পাকিস্তান এটিকে অস্বীকার করতে পারে না। পাকিস্তান এখন যাই বলুক না কেন, তারা সত্য লুকাতে পারবে না।’ তিনি বলেন, ‘আমি খুব সংক্ষেপে বলতে চাই পাকিস্তানি বাহিনী গণহত্যা এবং নৃশংসতা চালিয়েছে। এটি এখন কোনোভাবেই লুকানো সম্ভব নয়।’
 

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পাকিস্তান মুক্তিযুদ্ধ নিয়ে যেসব ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ জানিয়ে বিএনপি বুদ্ধিমানের মতো কাজ করেছে। যদি তারা না করত, তবে তারা নিশ্চিহ্ন হয়ে যেত। অন্তর থেকে না বললেও বিএনপি বাহ্যিকভাবে পাকিস্তানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য।’