‘১৭ লাখ প্রতিবন্ধী ভোটার তালিকা থেকে বাদ পড়েছে’

 
দেশের প্রায় ১৭ লাখ প্রতিবন্ধী মানুষ বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। বুধবার ‘বাংলাদেশের নির্বাচনে প্রতিবন্ধীদের অভিগম্যতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে ইডব্লিউজির পরিচালক মো. আবদুল আলিম এ তথ্য জানান।
 
আবদুল আলিম বলেন, ‘বাংলাদেশে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সীদের মধ্যে প্রতিবন্ধী মানুষের সংখ্যা এক কোটি ২১ লাখ ৬৫ হাজার ৫৯১ জন, যার মধ্যে অন্তত ১৭ লাখ তিন হাজার ১৮২ জন বিদ্যমান ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।’ নির্বাচন পর্যবেক্ষণ ও সুশাসন নিয়ে কাজ করা ইডব্লিউজি এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
 
২০০৬ সালে প্রতিষ্ঠিত ইডব্লিউজি নির্বাচন পর্যবেক্ষণ ছাড়াও ভোটারদের মধ্যে সচেতনতা তৈরি, নির্বাচনী বিভিন্ন ইস্যুতে গবেষণা এবং এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়ে থাকে।
 
ইডব্লিউজি’র এক জরিপের তথ্যের বরাত দিয়ে এর পরিচালক আলিম বলেন, ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সময়ে শতকরা ৬ ভাগের বেশি প্রতিবন্ধী মানুষ কোনো নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এদের মধ্যে শতকরা ২২ ভাগ ভোট কেন্দ্রে যেতে পরিবার থেকে কোনো রকম সহযোগিতা পাননি। এছাড়া দূরত্ব বেশি হওয়ার কারণে শতকরা ১৮ ভাগ এবং পরিবারের কাছ থেকে অনুমতি না পাওয়ার কারণে ১৪ ভাগ ভোট কেন্দ্রে যেতে পারেননি।
 
জরিপের সুপারিশে বলা হয়, প্রতিবন্ধীদের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবন্ধীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনকে কার্যকরি একটি পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে।