ফেসবুক যাতে দ্রুত সাড়া দেয়, সে বিষয়ে আলোচনা: প্রতিমন্ত্রী

 
আপত্তিকর কনটেন্ট নজরে আনার পর যাতে দ্রুততার সঙ্গে সাড়া দেয় সে বিষয়ে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
বুধবার সোনারগাঁও হোটেলে ‘আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০১৫ সম্মাননা প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আলোচনার জন্য ফেসবুক কর্তৃপক্ষের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পলিসি অ্যাডভাইজার আগামী ৬ বা ৭ ডিসেম্বর ঢাকা আসছেন বলে জানান প্রতিমন্ত্রী।
 
ফেসবুক কর্তৃপক্ষের দ্রুত সাড়ার প্রয়োজনীয়তা বোঝাতে তারানা হালিম বলেন, ‘গ্রামের একটা মেয়ে আত্মহত্যা করবে- একটা অভিযোগ করলাম। সেই কনটেন্টটা অপসারিত করতে তারা চারদিন সময় ‍নিলেন। এর মধ্যে তো গ্রামের সেই মেয়েক বাঁচানো সম্ভব হবে না।’
 
তিনি বলেন, ‘এসব বিষয়ে তারা আমাদের কীভাবে সহযোগিতা করতে পারেন, কত দ্রুততার সাথে আমাদের অভিযোগগুলো আমলে নিতে পারেন সেই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে।’
 

ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ৭৩ শতাংশ নারী এখন সাইবার সহিংসতার শিকার। যখনই ফেইসবুককে অভিযোগ করি তখন ফেইসবুক গুরুত্ব দেয় না, কারণ আমাদের সাথে কোনো চুক্তি নেই। আমাদের নারীরা যে সহিংসতার শিকার হচ্ছেন এটা তাদের গণনায় নিতে হবে।’