চেন্নাইয়ে বন্যার্তদের সাহায্যে ব্যবহার হচ্ছে সামাজিক মাধ্যম

 
বন্যার্তদের সাহায্য করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কাজে লাগাচ্ছে ভারতের দক্ষিণাঞ্চলের চেন্নাই শহরের বাসিন্দারা। ফেসবুক, টুইটারের মতো মাধ্যমগুলোতে বন্যাক্রান্তদের খোঁজা, উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন শত শত সাধারণ নাগরিক।
 
এছাড়াও অনেকেই বন্যা দুর্গতদের নিজ বাড়িতে আশ্রয় দিচ্ছেন। প্রবল বর্ষণে বিমানের অনেক ফ্লাইট বাতিল ও শহরের অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যহত হচ্ছে রেল ও সড়ক যোগাযোগ।
 
টুইটারে অনেকের মতোই পুষ্পরাজ বৃত্ত নামের একজন বন্যাদুর্গতদের নিজ বাড়িতে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন। বিবিসিকে তিনি জানান, সামাজিক মাধ্যমে অনুরূপ পোস্ট তাকে এই কাজে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, 'দুর্যোগের এই মুহূর্তে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে না পারি তবে জীবনের মূল্য কী? রাস্তা ডুবে যাওয়ায় সেখানে যেতে না পারার কারণে আমি অসহায় বোধ করছি। আমি সামান্য যা করতে পারি তা হলো নিজের বাড়ির দ্বার খুলে দেয়া।'