আওয়ামী লীগ ২৩৫ পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী চূড়ান্ত করে প্রত্যয়নপত্র প্রদান করেছে। মঙ্গলবার রাতে এবং গতকাল বুধবার সকাল থেকে দুপুর ১২টার মধ্যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত এ প্রত্যয়নপত্র বিতরণ শেষ হয়েছে। তবে চূড়ান্ত প্রার্থিতা প্রকাশের ক্ষেত্রে বিএনপির মতো আওয়ামী লীগও কৌশলগত অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যরা জানান, কৌশলগত কারণে এখনই চূড়ান্ত প্রার্থী তালিকা গণমাধ্যমে দেয়া হচ্ছে না। জানা গেছে, প্রার্থীদের কেউ ঋণ খেলাপি কিনা, কারো বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ আছে কিনা, আইডি কার্ডের সাথে প্রত্যয়নপত্রে দেয়া নামের মিল রয়েছে কিনা- সেগুলো চুলচেরা বিশ্লেষণ করছে আওয়ামী লীগ। যাতে কোনোভাবে একক প্রার্থীর নাম পরবর্তীতে বাদ না যায়। গতকাল সন্ধ্যা পর্যন্ত একক প্রার্থীর সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি।
ঢাকার সাভারে আবদুল গনি, মুন্সীগঞ্জ সদরে ফয়সাল বিপ্লব, মীরকাদিমে শহীদুল ইসলাম শাহিন, টাঙ্গাইল সদরে জামিলুর রহমান মিরন, কালিহাতীতে আনসার আলী, নেত্রকোনা সদরে সাবেক মেয়র নজরুল ইসলাম খান, মোহনগঞ্জে অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, মদনে আবদুল হান্নান শামীম, কেন্দুয়ায় আসাদুল হক ভুঁইয়া, দুর্গাপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, চাটমোহরে সাখাওয়াত হোসেন সাকু, রংপুরের পীরগঞ্জে কচিরুল মিয়া, সুন্দরগঞ্জে আবদুল্লাহ আল মামুন, গোবিন্দগঞ্জে আতাউর রহমান, দিনাজপুরের বিরামপুরে আক্কাস আলী, লালমনিরহাটে রিন্টু, কুড়িগ্রাম সদরে আবদুল জলিল, নাগেশ্বরীতে কামরুল ইসলাম, উলিপুরে আব্দুল হালীম সরকার, দিনাজপুর সদরে আনোয়ারুল হক, বীরগঞ্জে মোশাররফ বাবলু, ঝিনাইদহের কোটচাঁদপুরে শহিদুজ্জামান, মেহেরপুরের গাংনীতে আহমেদ আলী, ভেড়ামারায় শামীমুল ইসলাম ছানা, কুমারখালীতে শামীমুজ্জামান অরুণ, খোকসায় তরিকুল ইসলাম, মিরপুরে এনামুল হক, যশোর সদরে রেন্টু চাকলাদার, পটুয়াখালীর কলাপাড়ায় বিপুল হাওলাদার, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আহমেদ হোসেন মির্জা, সুনামগঞ্জের ছাতকে আবুল কালাম চৌধুরী, দিরাইয়ে মোশাররফ মিয়া, মৌলভীবাজার সদরে ফজলুর রহমান, কুলাউড়ায় এ কে এম সফি আহমেদ সোলায়মান, বড়লেখায় আবু ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জে জুয়েল আহমেদ, হবিগঞ্জ সদরে আতাউর রহমান সেলিম, নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম, চুনারুঘাটে সাইফুল ইসলাম, মাধবপুরে হিরেন্দ্রনাথ সাহা, শায়েস্তাগঞ্জে ছালেক মিয়া, সিলেটের জকিগঞ্জে খলিল উদ্দিন, কানাইঘাটে লুত্ফুর রহমান, গোলাপগঞ্জে জাকিরুল বাবলু, চট্টগ্রামের মিরসরাইয়ে নিজামউদ্দিন চৌধুরী, রাউজানে দেবাশীষ পালিত, পটিয়ায় হারুন-অর-রশীদ, সনদ্বীপে জাফরুল্লাহ, বাঁশখালীতে সেলিমুল হক, ফেনী সদরে হাজি আলাউদ্দিন, কুমিল্লার দাউদকান্দিতে নাঈম ইউসুফ, বরুড়ায় বাহারুজ্জামান, চাঁদপুরের কচুয়ায় নাজমুল আলম স্বপন, ময়মনসিংহের গৌরীপুরে সৈয়দ রফিকুল, ফুলপুরে শশধর, পাবনার ফরিদপুরে কামরুজ্জামান মাজেদ, ভাঙ্গুড়ায় গোলাম হাসনাইন রাসেল, সাঁথিয়ায় সিরাজুল ইসলাম প্রামাণিক, নাটোর সদরে উমা চৌধুরী, ভবানীগঞ্জে আবদুল মালেক, সিংড়ায় জান্নাতুল ফেরদৌস, গোপালপুরে লিলি, সিরাজগঞ্জের কাজীপুরে নিজামুদ্দীন, বেলকুচিতে হাসানুর বিশ্বাস, শাহজাদপুরে আমিনুল হক মিরু, নওগাঁ সদরে সেতার আহমেদ শিহাব, রাজশাহীর চারঘাটে নার্গিস খাতুন, গোদাগাড়ীতে মনিরুল ইসলাম বাবুল, তানোরে ইমরুল হক, তাহেরপুরে আবুল কালাম আজাদ, নওহাটায় আবদুল বারী খান, আড়ানীতে বাবুল হোসেন, দুর্গাপুরে তোফাজ্জল হোসেন, পুঠিয়ায় রবিউল ইসলাম রবি, চাঁপাইনবাবগঞ্জ সদরে সামিউল হক, নাচোলে আবদুর রশিদ, বগুড়া সদরে রেজাউল করিম মিন্টু, শিবগঞ্জে তৌহিদুর রহমান মানিক, কাহালুতে হেলাল উদ্দিন কবিরাজ ও সারিয়াকান্দিতে আলমগীর শাহিন আওয়ামী লীগের একক প্রার্থী।