বিদ্রোহী প্রার্থী হলে দল থেকে বহিষ্কার: হানিফ

 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করে কেউ স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।’
 
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
হানিফ বলেন, ‘পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে যদি কেউ প্রার্থী হয় তাহলে তাকে দলের গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হবে।’
 
তিনি বলেন, আমরা আগেই জানিয়েছি, এবার প্রথম বারের মতো পৌরসভা নির্বাচন হচ্ছে দলীয়ভাবে। দলীয় প্রধানের স্বাক্ষর করা মনোনয়নপত্র দেয়া হচ্ছে প্রার্থীদের। এতে দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে। তাই এই নির্বাচনে কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাকে আমাদের গঠনতন্ত্র অনুসারে দলের শৃংখলা ভঙ্গে জন্য সর্বোচ্চ শাস্তি দিয়ে বহিস্কার করা হবে।
 
সরকার এক তরফাভাবে পৌরসভা নির্বাচন করার ষড়যন্ত্র করছে বিএনপির এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি জানে, তারা বর্তমানে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে জনগণের কাছ থেকে সাড়া পায়নি। সাড়া না পেয়েই জনগণের উপর পেট্রোল বোমা হামলা করেছে, গুপ্তহত্যাসহ অনেক অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছে। তার প্রমাণ ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে।

খবর বাসসের।