যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই বন্দুক হামলার ঘটনা ঘটে!

যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই গড়ে একটি করে বন্দুক হামলা এবং গণ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শুটিংট্র্যাকারডটকম ও গানভায়োলেন্সআর্কাইভডটওআরজি নামের দু’টি প্রতিষ্ঠানের প্রতিবেদনে এমনই চিত্র ফুটে উঠেছে।


শুটিংট্র্যাকারডটকমের হিসেব মতে চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের ৪৭টি প্রদেশের ২২০টি শহরে ৩৫৪টি বন্দুকহামলার ঘটনা ঘটে।


এভরি টাউন ফর গান সেফটি নামের একটি অলাভজনক সংগঠনের গবেষণা পরিচালক টেড অ্যালক্রন বলেন, সাধারণত যেসব হামলায় একাধিক ব্যক্তি নিহত হয় সেসব ঘটনা নিয়েই গণমাধ্যমে হইচই হয়। কিন্তু প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রের কোথাও না কোথাও বন্দুক হামলায় হতাহতের ঘটনা ঘটছে।


এসব ঘটনার ৫৭ শতাংশই পারিবারিক সহিংসতার ফলস্বরুপ ঘটে থাকে। আর বেশিরভাগ ঘটনায়ই হতাহতের শিকাররা হামলাকারীর প্রাক্তন বা বর্তমান ঘনিষ্ঠজন এবং পারিবারিক সদস্য। এছাড়া হতাহতের শিকারদের অর্ধেকই নারী।


গবেষণায় আরো দেখা গেছে, বন্দুক হামলাগুলোর দুই তৃতীয়াংশই ঘটে ব্যক্তি মালিকানাধীন আবাসিক ভবনে। আর মাত্র ২৮% হামলার ঘটনা ঘটে পাবলিক স্পেসে।


এছাড়া হামলাকারীদের ৬০ শতাংশই তাদের মালিকানায় থাকা বৈধ অস্ত্রের মাধ্যমে এই হতাহতের ঘটনাগুলো ঘটিয়ে থাকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া