‘মনোনয়ন জমা দিতে বাধার মুখে পড়ার অভিযোগ সঠিক নয়’

 
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, ‘আসন্ন পৌর নির্বাচনে প্রার্থীরা নির্বিঘ্নে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দিতে এসে প্রার্থীদের বাধার মুখে পড়ার অভিযোগ সঠিক নয়।’
 
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
২৪ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩৫ পৌরসভায় রিটার্নিং অফিসারের কাছে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়ার আজ ছিল শেষ দিন।
 
নির্বাচন কমিশনার বলেন, ‘ভোট অবাধ, নিরপেক্ষ করার জন্যে যা যা করা দরকার কমিশন তা করে যাচ্ছে। দুয়েকটি জায়গা থেকে খবর এসেছে মনোনয়নপত্র জমা দিতে প্রতিপক্ষ বাধা দিচ্ছে। খোঁজ নিয়ে দেখা গেছে বিষয়গুলো সম্পূর্ণ সত্য নয়।’
 
চাঁদপুরের মতলব উত্তর ও চট্টগ্রামের রাউজানে এমন একটি অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে সে ধরনের কোনো ঝামেলা হয়নি।
 
শাহ নেওয়াজ বলেন, ‘যারা অভিযোগ করেছে তাদের বিষয়টি দেখেছি। কেউ কেউ শুধু অভিযোগ করার জন্যই অভিযোগ করে যাচ্ছে। এখন পর্যন্ত কোথাও অসুবিধা হচ্ছে বলে জানা নেই।’

খবর বাসসের।