বিএনপির পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘যারা আগুন সন্ত্রাস চালিয়েছিল তাদের ছাড় দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড করা সম্ভব নয়।’
বৃহস্পতিবার সকালে শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে কামরুল ইসলাম বলেন, সরকার বিরোধী হরতাল-অবরোধে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে যাদের অভিযোগ নেই তাদের প্রার্থী করা হলে তারা কোনোভাবেই হয়রানির শিকার হবে না। এটা আমি জোর দিয়ে বলতে পারি।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে এসেছে এটা ইতিবাচক। আমি তাদের স্বাগত জানাই। তবে মাঝপথ থেকে যেন নির্বাচন থেকে সরে না যান। সিটি করপোরেশন নির্বাচনের মতো মাঝপথে সরে গিয়ে ভুল করবেন না। আমার বিশ্বাস বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে।
তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, অহেতুক প্রতিদিন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মিথ্যাচার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করবেন না।