জলবায়ুর সর্বোচ্চ ঝুঁকির সূচকে বাংলাদেশ ৬

জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের সর্বোচ্চ ঝুঁকির সূচকে বাংলাদেশ ছয় নম্বরে অবস্থান করছে। গত ১০ বছরে ঝড়, বান, ভূমিধস ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে সারা বিশ্বে পাঁচ লাখের বেশি মানুষ মারা গেছে।
 
বৃহস্পতিবার জার্মানির বন-শহরভিত্তিক জলবায়ু পরামর্শদাতা গোষ্ঠী ‘জার্মান ওয়াচ’ প্রকাশিত ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক-২০১৬’এর প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ওই প্রতিবেদনে সর্বোচ্চ ঝুঁকির সূচকে রয়েছে- হন্ডুরাস, মিয়ানমার ও হাইতি।
 
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ওই প্রতিবেদনে ‘বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণে আনা না গেলে ঝুঁকির সূচকে থাকা দেশগুলোতে আরো দুর্যোগের আশঙ্কা রয়েছে’ বলে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনটি জলবায়ু বিশেষজ্ঞরা তৈরি করেছেন।