নিজের নামে বেশ কয়েকটি ভুয়া ফেসবুক পেইজ নিয়ে বিপাকে পড়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল ইত্তেফাককে তিনি বলেন, ‘আমার নামে চার থেকে পাঁচটি ফেইক পেইজ রয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ তথ্য দিয়েছে। যেসব পেইজ থেকে পোস্ট করা হচ্ছে তা আমার পেইজ নয়।’ ভুয়া ওই ফেসবুক পেইজগুলোর দেশের বাইরে থেকে পরিচালিত হওয়ায় সেগুলো বন্ধ করা যায়নি। এই পেইজগুলোর অ্যাডমিন দেশের বাইরে। সেখান থেকেই তারা বিভিন্ন বিষয়ে পোস্ট করছে, তারা জামায়াত-শিবির। আমার একটিমাত্র পেইজ রয়েছে সেটা তারানা হালিম। এ নিয়ে আমি ফেসবুককে লিখেছি।
ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি না থাকায় আপত্তিকর কনটেন্ট নিয়ে অভিযোগ জানালেও ফেসবুক কর্তৃপক্ষ যথাসময়ে সাড়া দেয় না বলে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে। এখন ফেসবুকের সঙ্গে চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই ফেসবুকের এশিয়া অঞ্চলের পলিসি উপদেষ্টা বৈঠক করতে ঢাকায় আসছেন।