নতুন বছরে কর্নিয়ার প্রথম একক

আগামী বছরের শুরুতে রিলিজ পেতে যাচ্ছে সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়ার প্রথম একক অ্যালবাম। এখন তার নতুন অ্যালবামটি নিয়েই দিন-রাত ব্যস্ততা যাচ্ছে। এরইমধ্যে অ্যালবামের ৬টি গান তৈরি করা হয়ে গেছে বলে জানান কর্নিয়া। আর ১-২টি গান হয়তো যোগ করা হবে। সেগুলোর কাজই চলছে এখন।

 
অ্যালবাম প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘সব ধরনের শ্রোতাদের পছন্দ অনুযায়ী অ্যালবামটি করছি। অ্যালবামে রক, ক্লাসিক, রোমান্টিক ধাঁচের গানগুলো থাকছে। প্রথম অ্যালবাম, তাই অনেকটা সতর্ক হয়ে কাজ করতে হচ্ছে।’
 
অ্যালবামকে এখন ঘরের শোপিস বলা হয়। কারণ সবাই এখন ডাউনলোড নির্ভর। তাই অনেকেই এখন অ্যালবামের দিকে ঝুঁকছেন না। অনলাইনেই একক গান রিলিজ দিচ্ছেন তারা। সেই জায়গা থেকে কর্নিয়া তার প্রথম একক অ্যালবাম নিয়ে কি ভাবছেন?
 

উত্তরে কর্নিয়া বলেন, ‘রয়েলিটির ভিন্ন ব্যবস্থা রেখেই এখন অ্যালবাম রিলিজ দেওয়া হচ্ছে। আমার অ্যালবামটির ক্ষেত্রেও বিকল্প ব্যবস্থা রাখা হবে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে সবকিছুর পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। এর বিকল্প ব্যবস্থা থাকবেই।’