এই মাসের ২৭ তারিখে ৫০ বছরে পা দিতে যাচ্ছেন সালমান খান। বলিউড সুপারস্টারের এবারের জন্মদিনে তার আত্মজীবনী ‘বিইং সালমান’ প্রকাশিত হবে।
প্রকাশক সংস্থা সূত্রে জানা গেছে, সালমানের ব্যক্তিগত জীবন ও তাঁর বংশ পরিচয়ের কথা তুলে ধরা হয়েছে ওই বইতে। বইটির লেখক দিল্লির এক সাংবাদিক জসিম খান।
সংশ্লিষ্ট প্রকাশক সংস্থাটি জানিয়েছে, এটিই সালমানের প্রথম বায়োগ্রাফি। তাঁর জীবনের বহু না জানা তথ্য উঠে এসেছে এই বইতে। ১৯৮৮ সালে প্রথম বলিউডে পা রাখেন তিনি। এরপর ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কউন’, ‘দাবাং’, ‘এক থা টাইগার’, ‘কিক’ এবং সম্প্রতি ‘বজরঙ্গী ভাইজান’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমায় দর্শকদের মন জয় করেছেন তিনি।
সালমানের ব্যক্তিগত জীবনেও বারবার ঘনিয়ে এসেছে বিতর্কের কালো মেঘ। গাড়ি চাপা দিয়ে হত্যা মামলা বা কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় প্রকাশ্যে কাটাছেঁড়া হয়েছে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে।
তবে, তাঁর জীবনের আরও একটি দিক হল, বহু সামাজিক উন্নয়নের কাজেও সামিল হয়েছেন তিনি। ‘বিইং হিউম্যান’ নামে একটি সংস্থা তাঁরই আনুকূল্যে চলে। সালমান আসলে কে? কীভাবে এই পথে এলেন তিনি? বহু অজানা তথ্য তুলে ধরা হবে এই জীবনী গ্রন্থে। এনডিটিভি।