বৃষ্টি থামার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রধান শহর চেন্নাইয়ে বন্যার পানি কমতে শুরু করেছে। প্রকাশিত প্রতিবেদনের বরাতে বিবিসি জানায়, শুক্রবার সকালে চেন্নাইয়ে বৃষ্টি হয়নি এবং শহরের কয়েকটি অংশে বন্যার পানি কমতে শুরু করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যাকবলিত সাত হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। তবে এরপরও অনেকে বন্যায় আটকা পড়ে আছেন বলে জানা গেছে। চেন্নাই পরিদর্শনের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যাকবলিত তামিলনাড়ু রাজ্যের জন্য ১৫ কোটি ডলার অর্থ মঞ্জুরির প্রতিশ্রুতি দিয়েছেন। একশ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টির পর রাজ্যটিতে বন্যা দেখা দেয়। এতে ২৬৯ জনেরও বেশি মানুষ মারা যান।
IMG1
বঙ্গোপসাগরে সৃ্ষ্ট একটি নিম্নচাপের কারণে রাজ্যের উপকূলীয় এলাকায় অতিবৃষ্টির এ ঘটনা ঘটে। নভেম্বর মাসে প্রায় এক সপ্তাহের টানা বৃষ্টিতে চেন্নাইয়ের জনজীবন স্থবির হয়ে পড়ে। এরপর ফের চলতি মাসের প্রথম তিনদিনের টানা বৃষ্টিতে চেন্নাইয়ে নজিরবিহীন বন্যা দেখা দেয়। এতে ঘরবাড়ি, হাসপাতাল, রাস্তাঘাট, রেললাইন এবং শহরে অবস্থিত বিমানবন্দরও ডুবে যায়। স্কুল, কলেজ, কলকারখানা বন্ধ করে দেওয়া হয়।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণ স্থগিত হয়ে যায়। শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাজ্যের একটি তেল শোধনাগারের কার্যক্রমও বন্ধ রাখা হয়। ১০০ বছরের মধ্যে সবচে ভয়াবহ বন্যায় ডুবে গেছে চেন্নাইয়ের রাস্তা-ঘাট।
IMG0
চেন্নাইয়ে একদিন বৃষ্টিপাত বন্ধ থাকায় ও সূর্য ওঠায় শহরের বেশ কয়েকটি জায়গা থেকে বন্যার পানি নেমে যেতে শুরু করে। তবে এখনও অনেক এলাকায় বন্যার পানি সরে না যাওয়ায় এলাকাগুলো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
এসব এলাকার বন্যাদুর্গত হাজার হাজার মানুষের কাছে খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ত্রাণকর্মীরা। আবহাওয়ার খবরে আবারো বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে শহরের বিমানবন্দর ও প্রধান রেলওয়ে স্টেশন এখনও বন্ধ রয়েছে। শনিবার পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চেন্নাই থেকে ৭০ কিলোমিটার দূরে আরাক্কোনামে নৌবাহিনীর একটি ঘাঁটিকে অস্থায়ী বিমানবন্দর হিসেবে ব্যবহার করার উপযোগী করা হয়েছে। বিবিসি।