তালেবানের কারাগার থেকে ৪০ জনের বেশি সৈন্য ও পুলিশ সদস্যকে মুক্ত করেছে যুক্তরাষ্ট্র-আফগান যৌথ সামরিক বাহিনী। শুক্রবার আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে তালেবানের কারাগারে অভিযান চালিয়ে এদেরকে উদ্ধার করা হয়।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের নওয়জাদ জেলায় এ অভিযান চালানো হয়। অভিযানে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়। এসময় কারাগার থেকে ৪০ জনের বেশি বন্দিকে মুক্ত করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে আফগান পুলিশ, সেনাবাহিনী এবং সীমান্ত পুলিশ সদস্যরা রয়েছেন। তবে কীভাবে ও কখন তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র কী ভূমিকা রেখেছে সে বিষয়ে কোনোকিছু বিবৃতিতে বলা হয়নি। তালেবানরা দক্ষিণাঞ্চল থেকে উত্তর দিকে তাদের নিয়ন্ত্রণ এলাকা যখন সম্প্রসারণ করছে, তখন এ অভিযানকে সরকারি বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এদিকে তালেবান নেতা মোল্লাহ আখতার মনসুর মারা গেছেন বলে দাবি করেছে দেশটির সরকারি মুখপাত্র। শুক্রবার এক টুইটার বার্তায় এ খবর দেয়া হয়। তবে সরকারি এ দাবিকে প্রত্যাখ্যান করেছে জঙ্গি সংগঠনটি। সূত্র: সিএনএন