দালালদের রক্ষায় মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করছে পাকিস্তান: চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, পাকিস্তান তার দালালদের রক্ষা করার জন্যই মহান মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যা নিয়ে নির্লজ্জভাবে মিথ্যাচার করছে। পাকিস্তান একটি জঙ্গীরাষ্ট্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তারা মিথ্যাচার করে কখনোই তাদের দালালদের রক্ষা করতে পারবে না।


মেহের আফরোজ চুমকি আজ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মুজিবসেনা ঐক্যলীগের উদ্যোগে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবীতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংগঠনের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আওয়ামী লীগ নেতা এম এ করিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


মেহের আফরোজ চুমকি বলেন, দেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য স্বাধীনতাবিরোধী শক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। শুধু তাই নয় দেশকে নেতৃত্বশূন্য করার জন্য কারাগারে জাতীয় চারনেতাকে হত্যা করা হয়। আওয়ামী লীগের এ নেত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর মানুষের সেবা করার নামে অনেকে রাজনীতিতে এসেছিলেন। যারা মানুষের সেবা না করে শুধুমাত্র নিজেদের সেবা করেছেন।


চুমকি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু নিহত হওয়ার পর যুদ্ধাপরাধের বিচার বন্ধ হয়ে যায়। তিনি বলেন, বঙ্গবন্ধু নিহত হওয়ার পর অনেক সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু তারা যুদ্ধাপরাধীদের বিচার না করে তাদের প্রতিষ্ঠিত করেছেন।


চুমকি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধুর খুনীদের বিচার করেছেন এবং যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। কোনো যুদ্ধাপরাধী বিচারের হাত থেকে রেহাই পাবে না উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা প্রয়োজন।


মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে পুরানা পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বাসস