ককপিটে বসে বিতর্কের মুখে ইমরানপত্নী রেহাম

 
ফের বিতর্কের মুখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান রাজনীতিক ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। লন্ডন থেকে লাহোরগামী বিমানের পাইলটের কাছে আবদার করে বসেন ককপিটে ঢোকার। আর তার আবদার রাখতে গিয়েই আইন ভাঙার অভিযোগ উঠেছে পাইলটের বিরুদ্ধে। সমালোচনার মুখে পড়েছেন রেহাম।
 
বৃহস্পতিবার লন্ডন থেকে লাহোর ফেরেন রেহাম। ফেরার সময়ই পাইটলকে তিনি ককপিটে কিছুক্ষণ বসতে দেয়ার অনুরোধ করেন। তার অনুরোধ ফেলতে পারেননি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস্‌ (পিআইএ) পিকে ৭৮৮-র পাইলট। তাতেই ঘটে বিপত্তি। বিমানের ককপিটে কয়েক মিনিট বসেন তিনি। সেখানে কোনো যাত্রী যাওয়ার অনুমতি নেই। সেই আইন ভাঙায় পাইলটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
 
ইমরানের রাজনৈতিক দল তেহরিক ইনসাফে রেহামের মাথা গলানো পছন্দ করতেন না ইমরান। এছাড়াও দু’জনের বৈবাহিক সম্পর্কেও যথেষ্ট টানাপড়েন ছিল। সম্প্রতিই তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ইমরানকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছিল বলেও রেহামের নামে অভিযোগ রয়েছে।