বিমান ভূপাতিত করার ঘটনায় সৃষ্ট উত্তেজনা প্রশমনে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। শুক্রবার আজারবাইজান এডিএ বিশ্ববিদ্যালয়ে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। তুর্কি প্রধানমন্ত্রী দাভুতোগলু বলেন, তার দেশ সবসময়ই রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখার পক্ষপাতী।
তিনি বলেন, আমাদের সংকট ঘনীভূত করার কোন প্রয়াস নেই। তবে এ ঘটনায় তুরস্ক ক্ষমা চাইবে না বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমরা তাদের পিঠে ছুরি মেরেছি এমন অভিযোগের কোন ভিত্তি নেই।
প্রধানমন্ত্রী উল্টো অভিযোগ করে বলেন, তারা আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এতে করে উল্টো মস্কো আঙ্কারার বুকে ছুরি মেরেছে। তবে আমরা বিশ্বাস করি আলাপ-আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করা যাবে।
তিনি আরো বলেন, আমরা তাদের বিমান সিরীয় অঞ্চলে নয়, বরং তুর্কি সীমানায় গুলি করে ভূপাতিত করেছি। এছাড়া বিমান ধ্বংসের কোন চিহ্ন সিরিয়ায় নেই। এদিকে গত শনিবার আঙ্কারা ক্ষমা চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করলে তাদের ওপর অবরোধ আরোপ করে মস্কো।
রাশিয়ায় তুরস্কের পণ্য রপ্তানি, তুর্কি নাগরিক এবং দুই দেশের মধ্যকার ভিসা মুক্ত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট পুতিন। গত ২৪ নভেম্বর রাশিয়ার বিমান ভূপাতিত করার পর একজন পাইলটকে গুলি করে হত্যা এবং ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর সময় আরো এক মেরিন সেনাকে হত্যার ঘটনায় দুই দেশের শীর্ষ পর্যায়ে ঐ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্র: সিনহুয়া