লাইভ ভিডিও স্ট্রিমিং সবার জন্য উম্মুক্ত করল ফেসবুক

শীর্ষ সামাজিক যোগযোগ সাইট ফেসবুক তাদের লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচারটি ফেসবুকের সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে। গত আগস্টে ফেসবুক প্রাথমিকভাবে এর কিছু হাই প্রোফাইল সেলিব্রিটি ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করেছিল।


লাইভ ভিডিও স্ট্রিমিং ফিচারটির মাধ্যমে ফেসবুকে বন্ধুদের সঙ্গে লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা।


ফিচারটি যুক্তরাষ্ট্রে সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে। আপাতত আইওএস ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন।
অল্পসময়ের মধ্যে ফিচারটি বিশ্বজুড়ে সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।


গত এক বছরে বিশ্বজুড়ে মোবাইল ফোনে লাইভ ভিডিও স্ট্রিমিং সেবা দেওয়া টেকনোলজি খুবই জনপ্রিয়তা পেয়েছে।


এ ধরণের সেবা দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো মাইক্রোব্লগিং সাইট টুইটারের মালিকানাধীন পেরিস্কোপ টুল ও মিরকাট। ফেসবুকের এই ফিচারটিও এই দুই প্রতিষ্ঠানের মতোই একইভাবে কাজ করবে।


ফিচারটির মাধ্যমে শুধু ফেসবুকের বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করা যাবে। লাইভ স্ট্রিমিং এর সময় কমেন্ট করা যাবে।


ভিডিওটি কত দর্শক দেখছেন তাও জানা যাবে। কোনো বন্ধু লাইভ ভিডিও স্ট্রিমিং এর সময় তা দেখতে না পারলে পরবর্তীতে টাইমলাইন থেকে ভিডিওটি দেখা যাবে। বন্ধুদের লাইভ ভিডিওর বিষয়ে জানার জন্য অ্যালার্ট নামে একটি অপশন রাখা হয়েছে। এনবিসি নিউজ