‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ছোটপর্দা থেকে বড়পর্দায় বেশ ভালো একটি সম্ভাবনাময় জায়গায় ছিলেন অভিনেত্রী জাকিয়া বারি মম। তখন অনেকেই বলেছেন ঢালিউডে আরও একজন সম্ভাবনাময় নতুন নায়িকার যোগ হলো। মমও বলেছিলেন নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করবেন। তবে ছবিটি মুক্তির এতোদিন হলেও এখন পর্যন্ত নতুন কোনো চলচ্চিত্রের শিরোনামে আসেননি মম।
ব্যস্ত হয়ে পড়েছেন আবারও ছোটপর্দা নিয়েই। তবে কি মৌসুমী চিত্রনায়িকা হিসেবেই কাজ করতে চান তিনি! এ প্রসঙ্গে মম বলেন, ‘আমি নিয়মিত কাজ করতে চাই। সেটা এখনও বলছি। কিন্তু সমস্যা হচ্ছে গল্প। গল্প নিয়ে আমাদের এখন একটা সঙ্কট যাচ্ছে। চলচ্চিত্র আলোচনার অন্যতম একটি বিষয় এটি। ছুঁয়ে দিলে মন ছবিটির পর দর্শক আমাকে যেভাবে গ্রহণ করেছে আমি চাই দর্শকের কাছে আমার সেই জায়গাটা রাখতে। এখন ভালো একটি গল্পের অপেক্ষায় আছি।’
তবে এখন পর্যন্ত অনেকগুলো চলচ্চিত্রের প্রস্তাব মম’র কাছে এসেছে। এরমধ্যে গল্পের মান প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক গল্প আসছে। এরমধ্যে ভালো গল্প যে নেই তা কিন্তু না। তবে ব্যাটে-বলে মিলছে না। সবকিছু মিললেই চুক্তি স্বাক্ষর করবো।’
মম চলতি সময়ে বেশ কয়েকটি নাটক নিয়ে ব্যস্ত আছেন। ‘রূপকথার প্রজাপতি’, ‘প্রেম তুমি’সহ বেশ কয়েকটি নাটক করলেন সম্প্রতি। ভালোবাসা দিবস উপলক্ষেও বেশ কয়েকটি নাটকে কাজ করছেন তিনি।