প্রয়াত চলচ্চিত্র প্রযোজক রাজু প্যাটেলের সাথে ‘নেভারল্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামের একটি প্রযোজনা সংস্থার অংশীদার ছিলেন প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন। তাদের দু’জনের চুক্তি অনুযায়ী মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণে চুক্তি স্বাক্ষর হয়।
সেখানে উল্লেখ ছিল, তাদের অবর্তমানে চলচ্চিত্রের নির্মাণের দায়িত্ব পাবেন দু’জনের মনোনীত ব্যক্তি। সেই অনুযায়ী বাবা শরদ চন্দ্র প্যাটেলকে মনোনীত করেন রাজু। ২০০৫ সালে রাজু মারা গেলে ছেলের শেষ ইচ্ছে সম্পন্ন করার জন্য ছবিটি নির্মাণের প্রস্তুতি নেন তার বাবা।
অন্যদিকে মাইকেলের মনোনীত ব্যক্তি তার সম্পদের ব্যবস্থাপক সম্প্রতি চলচ্চিত্রটির চুক্তি অমান্য করে নির্মাণে বাধা দেন। এ জন্য শরদ গত ৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সুপারিয়র আদালতে জ্যাকসনের সম্পত্তির ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করেন। তবে এখনও মামলাটির বিষয়ে চূড়ান্ত কিছু জানায়নি আদালত।