সিংগাইর পৌরসভা ও পবার ভোট স্থগিত

 
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা ও রাজশাহীর পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। রবিবার আইন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব অন্তরা বিশ্বাস এই তথ্য জানান।
 
অন্তরা বিশ্বাস জানান, মানিকগঞ্জের আদালতের নির্দেশনায় পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং সিংগাইর পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।
 
পৌর নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর ২৩৬টি পৌর সভায় ভোট হওয়ার কথা ছিল। সিংগাইরের আগে আদালতের আদেশে মংলা পৌরসভার ভোট স্থগিত হওয়ায় এখন মোট ২৩৪টি পৌরসভায় নির্বাচন হবে।
 
রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রত্যাহারের জন্য ১৩ ডিসেম্বর পর্যন্ত সময় পাওয়া যাবে।
 
অন্যদিকে গত ২৯ সেপ্টেম্বর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা মোকবুল হুসাইনের মৃত্যুতে পদটি শূন্য হলে ১৮ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ৮ ডিসেম্বর এই উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।