রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতি

এক নেতার বান্ধবীকে কটুক্তির জেরে রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই গ্রুপে হাতাহাতির ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১ টার দিকে মমতাজ উদ্দিন কলাভবনের সামনে এই ঘটনা ঘটে। এনিয়ে ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক গোলাম কিবরিয়া ও সোহেল রহমান রনু’র গ্রুপের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সিনিয়রদের হস্তক্ষেপে দুইপক্ষই ঘটনাস্থল থেকে সরে গেলে পরিস্থিতি শান্ত হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাবির মমতাজ উদ্দিন কলাভবনের সামনে বসেছিলেন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া গ্রুপের অর্থনীতি চতুর্থবর্ষের রকি ও তার কতিপয় সহযোগী। এসময় ছাত্রলীগ সোহেল রহমান রনুর গ্রুপের নেতা ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম তার এক বান্ধবীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। রকি রবির বান্ধবীকে উদ্দেশ করে অশ্লিল মন্তব্য করেন। রবি তাৎক্ষণিক প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি চলে। এক পর্যায়ে তাদের সমর্থকরা জড়ো হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 
 
রকি অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, রবিউলের সঙ্গে অন্য বিষয় নিয়ে আগে সামান্য ঝামেলা হয়েছিল। আজকের ঘটনা নারী ঘটিত কোনো বিষয় নয়।