পূর্ব লন্ডনের টিউব (পাতাল রেল) স্টেশনে হামলাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে মনে করছে মেট্রোপলিটন পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্টেশনটিতে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী সেসময় 'এটা সিরিয়ার জন্য' বলে চিৎকার করছিলেন।
ঘটনার পরপরই পুলিশ হামলাকারীকে আটক করে। আটকের আগে তার ওপর টেজার গান (বৈদ্যুতিক শক দেয়ার যন্ত্র) ব্যবহার করা হয়। হামলাকারীর ছুরির আঘাতে এক ব্যক্তি মারাত্মকভাবে জখম হয়েছেন। এছাড়াও আরো দুজন সামান্য আঘাত পেয়েছেন।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা ঘটনার তদন্ত করছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখার কথা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক লোকটি ছুরি নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানিয়েছেন, হামলাকারীর হাতে তিন ইঞ্চি লম্বা একটি ছুরি ছিল। তিনি মাটিতে পড়ে থাকা একজনের ওপর দাঁড়িয়ে ছিলেন। সেসময় স্টেশন থেকে লোকজন দৌড়ে পালাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, তাদেরকে টেলিফোন করার ৮ মিনিটের মধ্যে লোকটিকে আটক করা হয়। হামলায় গুরুতর আহত ব্যক্তির প্রাণ সংশয় নেই বলেও জানিয়েছে পুলিশ। সূত্র: বিবিসি