সারাদেশে সিটি করপোরেশন ও পৌরসভা কর্তৃক তাদের অধিক্ষেত্রে সড়ক-মহাসড়কে টোল আদায় নিষিদ্ধ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সম্পর্কে নির্দেশনা জারি করা হয়েছে।
এব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক ইত্তেফাককে জানান, রংপুর সিটি করপোরেশন এলাকায় মহাসড়কে সিটি করপোরেশন কর্তৃক বেআইনিভাবে টোল আদায় করার অভিযোগ উঠেছিল। রংপুর মোটর শ্রমিক ইউনিয়ন এই অভিযোগ করে। বিষয়টি সম্পর্কে সারাদেশে খোঁজখবর নিয়ে দেখা যায়, কোন কোন এলাকায় বিশেষ বিশেষ ধর্মীয় পর্বে বা সারাবছর ধরে সিটি করপোরেশন ও পৌরসভা তাদের অধিক্ষেত্রে বাঁশকল বসিয়ে বেআইনি টোল আদায় করছে। মূলত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন থেকে এ ধরনের টোল আদায় করা হয়ে থাকে।
আব্দুল মালেক জানান, এ ধরনের ঘটনায় পরিবহন শ্রমিক ও মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছিল। সেইসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হচ্ছিল। সিটি করপোরেশন বা পৌরসভার সড়ক ও মহাসড়কে এ ধরনের টোল আদায়েরও কোন অনুমোদন নেই।
সচিব মনে করেন, বেআইনি টোল আদায়ের কারণে এর প্রভাব যাত্রী ও পণ্যপরিবহন খরচের ওপর গিয়ে পড়ে। এতে বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাই সার্বিক অবস্থা বিবেচনা করে এ ধরনের টোল আদায় বন্ধ করতে সকল সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশ দেয়া হয়েছে।
ইতিমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জারি করা নির্দেশ সকল সিটি করপোরেশন, পৌরসভা, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। সচিব জানান, এ নির্দেশের পরও কোন কর্তৃপক্ষ যদি বেআইনি টোল আদায় করে সেক্ষেত্রে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া পুলিশ ফৌজদারি বা চাঁদাবাজির মামলাও নিতে পারে, প্রয়োজনে সংশ্লিষ্টদের গ্রেফতারও করা হতে পারে।