ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) হয়ে গেল দুই দিনব্যাপী কম্পিউটার বিজ্ঞান উৎসব। ‘সিএসই ফেস্টিভ্যাল ২০১৫’ নামে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ চতুর্থবারের মতো উৎসবটির আয়োজন করে। শনিবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটির সমাপন ঘোষণা করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
হাসানুল হক ইনু বলেন, সিএসই নিয়ে এসব উদ্যোগ ইতিহাস তৈরির উপযোগী হওয়া উচিত। পেছনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের দিনের পরিকল্পনা করতে হবে। পৌঁছতে হবে উন্নত দেশের কাতারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউইউবির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, সহ-উপাচার্য এম নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সাধারণ সম্পাদক ড. মুশফিক এম চৌধুরী এবং সিএসই বিভাগের প্রধান কাজী হাসান রবিনসহ অনেকে।
এর আগে শুক্রবার দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। দুই দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্যপ্রযুক্তির বিভিন্ন প্রকল্প প্রদর্শনী, বট-বল নামের রোবটদের ফুটবল প্রতিযোগিতা, গেম প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উৎসবটিতে দুই দিনে বাংলা উইকিপিডিয়া, তথ্যপ্রযুক্তি সাংবাদিকতা এবং প্রোগ্রামিং নিয়ে সেমিনার ও কর্মশালা এবং জিডিজি বাংলার আয়োজনে কম্পিউটিং থন অনুষ্ঠিত হয়। শেষ দিনে কুইজ, গেমসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কলেজের ছাত্র রিদওয়ান আহমেদ ভূইয়া, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির রিজন।
এছাড়াও ফিফা ১৫ গেম খেলে বিজয়ী হয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির মেনন খান এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আলফা রত্ন। বুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং রানারআপ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি।
তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াডের বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির নাইম সাগর এবং রানারআপ হয়েছেন বুয়েটের তাহসিনা আলম। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শাওন চৌধুরী এবং রানারআপ সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ওয়াসনা আহমেদ খান।