‘কারা বন্দিদের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘কারা বন্দিরা পরিত্যক্ত নন, তারা এদেশেরই নাগরিক, তাদেরও নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। ’
 
রবিবার বিকালে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আধুনিকায়ন পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
এইচটি ইমাম বলেন, ‘আইসিআরসি কাশিমপুর কারাগারে সাত হাজার বন্দির সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য গভীর নলকূপ স্থাপন করেছে। তারা আর্ত মানবতার সাহায্যে বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে।’ এ সময় কারাগারের কর্মকর্তাদের আধুনিক প্রশিক্ষণ প্রদান অব্যাহত রাখার জন্য আইসিআরসি’র প্রতি আহ্বান জানান তিনি।
 
এতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এসএম আলম, আইসিআরসি বাংলাদেশের হেড অফ ডেলেগেশন ক্রিস্টিন চিপোলা বক্তব্য রাখেন।
 
এতে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান ও কারা মহা-পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ পিপিএম, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার কাজী মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, জেলা সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান ও আইসিআরসি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।