ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে খাবার আনতে দেরি করায় শাহজাহান নামের এক ক্যান্টিন কর্মচারীকে মারধর করার অভিযোগ উঠছে মোকাম্মেল নামের এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে।
ক্যান্টিন কর্মচারীদের সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে হলের ক্যান্টিনে টোকেন ছাড়া (ফাও) দুপুরের খাবার খেতে বসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদত গ্রুপের কর্মী মোকাম্মেল। এসময় ক্যান্টিন কর্মচারী শাহজাহানকে মারধরের ঘটনা ঘটে। একই হলের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী কামরুল ঘটনার মিমাংসা করতে আসলে তাকেও মারধর করেন মোকাম্মেল। পরে হলের নেতারা এসে বিষয়টি মীমাংসা করে দেন।
ক্যান্টিনের পরিচালক মো. ঈসমাইল ও মারধরের শিকার শাহজাহান জানান, হলের ক্যান্টিনে টোকেন ছাড়া খাওয়া নিষেধ রয়েছে হল কর্তৃপক্ষের। কিন্তু নিষেধ উপেক্ষা করে হল শাখা ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী প্রতিনিয়তই টোকেন ছাড়া খাবার খান। রবিবার দুপুরে মোকাম্মেল ক্যান্টিনে খাবার খেতে আসে। এসময় খাবার আনতে দেরি করায় শাহজাহানকে মারধর করে মোকাম্মেল। এসময় ক্যান্টিনের কর্মচারীকে কেন মারধর করা হচ্ছে- এ বিষয়ে হলের ইসলামের ইতিহাসের কামরুল নামের এক ছাত্র জিজ্ঞাসা করলে তাকেও মারধর করে মোকাম্মেল। পরে হলের নেতারা এসে বিষয়টি মীমাংসা করে দেন।
এবিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদত বলেন, হলের ক্যান্টিনে দুই জুনিয়রদের মধ্যে একটু ঝামেলা হয়েছে। পরে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।