যশোরের কোতোয়ালি থানার নাশকতার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে চার সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের ডিভিশন বেঞ্চ রবিবার তার এই জামিন মঞ্জুর করে।
নাশকতার অভিযোগে গত ৪ অক্টোবর যশোরের কোতোয়ালি থানায় তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তরিকুল ইসলামের পক্ষে আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন লিয়ন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।