‘সেই তুমি’ গানটির অর্কেস্ট্রা পারফর্ম করলো বুদাপেস্ট ফিলহারমোনিক

এই প্রথম দেশিয় কোনো ব্যান্ডদলের একটি গানের অর্কেস্ট্রা পরিবেশন করলো হাঙ্গেরিয়ান বুদাপেস্ট ফিলহারমোনিক দল। মূলত, গত মাসেই এলআরবি’র এই কালজয়ী গানটির অর্কেস্ট্রা তৈরি নিয়ে কথা হয়। আর এরপর থেকেই ব্যান্ডদলের সাথে আলাদাভাবে যোগাযোগ করে গানটি কর্ডসহ অর্কেস্ট্রা কম্পোজিশন স্কোর তৈরি করে নেয় তারা। গত ৪ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক বিশেষ আয়োজনে গানটি দর্শকদের মাঝে উপস্থাপন হয়।

 
দেশিয় ব্যান্ড মিউজিকের ইতিহাসে এটি এক বিরল সম্মান, কারণ বিশ্বখ্যাত এই অর্কেস্ট্রা দলটি নিজেদের প্লে-লিস্টে একাধিক কালোত্তীর্ণ গানের পাশাপাশি এই গানটিও রেখে দেবে তাদের পরিবেশনায়। ওয়েবসাইট সূত্রে তাদের দলটির আগামী ইউরোপ ট্যুরেও থাকছে এলআরবি’র ‘সেই তুমি’ গানটি।
 
হাঙ্গেরিয়ান বুদাপেস্ট ফিলহারমোনিক অর্কেস্ট্রা দলটির বিশেষ পরিবেশনা প্রসঙ্গে রক লিজেন্ড আইয়ুব বাচ্চু বলেন, ‘সেই তুমি গানটি বাংলাদেশের তারুণ্যের গান। এই দেশ, এই বাংলা ভাষা যতদিন থাকবে, ততোদিন এদেশের তরুণরা এই গানটি বয়ে বেড়াবে। তাই গানটির চূড়ান্ত সাফল্য বা প্রাপ্তি আমরা অনেক আগেই গুনে নিয়েছিলাম। তবে এই ধরনের একটি আয়োজনে এলআরবি একটি গানে এতো অসাধারণ এক অর্কেস্ট্রা দল তাদের পারফর্মেন্স দেখাবে তাতে সত্যিই অভিভূত হতে হয়। একইসাথে এই গৌরব দেশের প্রতিটি ব্যান্ডপ্রেমীদের ভেতরে আমি ভাগ করে নিতে চাই।’
 
শিল্পী আরও জানান, ‘মূলত দলটির অন্যতম সদস্য জাডেসকে আমরা দুটি গান পাঠাই, তারা সেই দুটি গান থেকে আমাদের এই গানটি পছন্দ করেন। এরপর তারা বাংলাদেশে আসার আগেই পুরো গানের মিউজিক স্কোর তৈরি করে এসেছিলেন। এরপর দেশে এসে আমরা যৌথভাবে টানা দু’দিন প্র্যাকটিস করেই তবে এই পারফর্মেন্সে অংশ নিই। নিজের সৃষ্টি নিয়ে এ রকম ফিউশন এর আগেও করেছি আমি, তবে এটি এক অনবদ্য নতুনত্বে গানটির অনন্য এক ভার্সন তৈরি হলো।’
 

উল্লেখ্য, ‘সেই তুমি’ গানটি অডিও রেকর্ড হিসেবে রক ভার্সনের পাশাপাশি আনপ্লাগড ভার্সনও দেশের শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা অর্জন করে।