পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই না ঘটে। তবে সব ঘটনা মানুষের দৃষ্টিগোচর হয় না। এই যেমন লন্ডনের আকাশে উড়ছিলো একটি বেজি। মূলত একটি কাঠঠোকরা উড়ছিলো আর তার পিঠে ছিলো বেজিটি।
কাঠঠোকরার পিঠে বেজিটির এই ছবি দেখলে যে কারোরই মনে হবে, হয়তো বেজিই উড়ছে আকাশে। অভূতপূর্ব এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন অ্যাসেক্সের অপেশাদার আলোকচিত্রী মার্টিন লে-মে। নির্জন ঐ জায়গা দিয়ে স্ত্রীর সাথে হাঁটছিলেন মার্টিন। হঠাৎ কানে আসে কাঠঠোকরার শব্দ।
ভালো করে দেখার জন্য নিজের ক্যামেরা জুম করে হতবাক হয়ে যান তিনি। বিরল এই ঘটনার সাক্ষী হতে পেরে এক মুহূর্ত দেরি না করেই ক্লিক করেন ক্যামেরার সাটারে। তুলে ফেললেন বছরের শ্রেষ্ঠ ছবিটি।
এ বছরের মার্চে তোলা মার্টিন লে-মে’র ছবিটিকে স্বাভাবিকভাবেই সেরা ছবির স্বীকৃতি দিতে কার্পণ্য করেননি কেউ। নিজের ছবি সম্পর্কে মার্টিন বলেন, এমন একটি ছবি তোলা যে কারোর জন্যই স্বপ্নের মতো।
এই ধরনের ছবি দেখলে মানুষ পছন্দ করবেই। এতো মানুষ আমার ছবিটি দেখায় আমি খুবই গর্বিত। ছবিটি অনলাইনে প্রকাশের পর ব্যাপকভাবে শেয়ার হয়েছে।-সিএনএন, বিবিসি