সিরীয় সেনাবাহিনীর উপর মার্কিন বিমান হামলা: নিহত ৪

সিরিয়ার সেনাবাহিনীর উপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলায় চার জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার দিনের শেষভাগে এই হামলা চালানো হয়। ২০১৪ সালের সেপ্টেম্বরের পর এটিই সিরিয়ার সেনাবাহিনীর ওপর প্রথম মার্কিন বিমান হামলার ঘটনা।
 
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলার ঘটনায় আরো ১৩ জন আহত হওয়ার কথা জানিয়েছে।
 
পূর্বাঞ্চলীয় দির আল-জউর প্রদেশের আয়াশ এলাকায় সিরীয় সেনাবাহিনীর ওপর বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ওই এলাকায় পৃথক আরেক হামলায় এক নারী ও তার দুই সন্তান নিহত হন। ধারণা করা হচ্ছে এই হামলাও মার্কিন বিমান বাহিনী চালিয়েছে।
 
সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের এই যুদ্ধের উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে বরাবরই প্রশ্ন তুলেছেন সিরীয় কর্মকর্তারা। বিশেষ করে এই জোটে ফ্রান্স ও যুক্তরাজ্য যোগ দেওয়ার পর প্রশ্নটি আবারো সামনে চলে এসেছে। সূত্র: বিবিসি