আইসিইউ-তে এক নারীর ওপর যৌন হয়রানির ঘটনায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের পুরুষ নার্সকে (ব্রাদার) এখনো গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে তৎপরতা চলছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।
আজ সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের সাইফুর রহমানের ডিভিশন বেঞ্চে পুলিশের পক্ষ থেকে এই প্রতিবেদন দাখিল করা হয়। আগামী ৬ জানুয়ারি পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য গুলশানের অতিরিক্ত কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। আদেশে সাইফুলকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পুলিশকে আদেশ দেয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে তাকে খুঁজে পায়নি পুলিশ।
এদিকে, অস্ত্রোপচারের পর অচেতন থাকা রোগীকে যৌনহেনস্থা করার অভিযোগে পুরুষ নার্সকে (ব্রাদার) গ্রেফতার করে সোমবার আদালতে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। গুলশান থানার ওসিকে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ, ব্যবস্থাপনা পরিচালক ও জড়িত স্টাফ নার্সের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ দেয়া হবে না এ বিষয়ে আগেই রুল জারি করে আদালত।