যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গুলিবর্ষণের ঘটনাকে ভয়াবহ আখ্যায়িত করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিছার আলী খান বলেছেন, তারা হামলার তদন্তে যেকোন সহায়তা দিতে প্রস্তুত রয়েছেন। পাকিস্তানি নারী তাসফিন মালিক ও তার স্বামী গত বুধবার বন্দুক হামলা চালিয়ে ১৪ জনকে হত্যা করে। এই ঘটনাকে 'সন্ত্রাসবাদী হামলা' হিসেবে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের অভ্যান্তরিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
রবিবার এক সংবাদ সম্মেলনে পাক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সরকার এবং মন্ত্রণালয় এ নিয়ে ইতিমধ্যেই নিন্দা জ্ঞাপন করেছেন। কোন বিবেকবান পাকিস্তানি কিংবা কোন মুসলমানই যাদের বিন্দুমাত্র ইসলাম সম্পর্কে বিশ্বাস আছে, তারা কখনোই এর নিন্দা না জানিয়ে থাকতে পারে না। শুধু তাই নয়, এ ধরনের হেন কর্মকাণ্ডে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণাই নয়, পুরো মুসলমানদের প্রতি একটা বদনাম ছড়াচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানি নারী তাসফিন মালিক ও তার স্বামী ক্যালিফোর্নিয়ার হামলার সঙ্গে যুক্ত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে। এর মধ্যে তাসফিন মালিক ফেসবুকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন বলেও জানা গেছে। সূত্র: ডন