নাইকো দুর্নীতি মামলায় খালেদার আপিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট খারিজের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে।


আদালত সূত্র জানায়, আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আজ এ আপিল আবেদন দাখিল করেন।


নাইকো সংক্রান্ত দুর্নীতি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে গত ৩০ নভেম্বর জামিন পান বেগম খালেদা জিয়া। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এম আমিনুল ইসলাম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করে ওই আদেশ দেয়। একই সঙ্গে এই মামলার শুনানির পরবর্তী তারিখ ২৮ ডিসেম্বর ধার্য করে দিয়েছে বিচারিক আদালত। হাইকোর্টের আদেশে ওইদিন আত্মসমর্পণ করে জামিন চান বেগম খালেদা জিয়া।


খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলে গত ১৮ জুন রায় দেয় হাইকোর্ট। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মামলাটি বাতিলে আনা খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয়। ইতোপূর্বে এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে রায় দেন আদালত। রায় প্রকাশের দুই মাসের মধ্যে বিচারিক আদালতে খালেদা জিয়াকে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়। সে অনুযায়ী আজ তিনি আত্মসমর্পন করেন।


কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি সংক্রান্ত মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতির অভিযোগ আনা হয়।


এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানি শেষে ২০০৮ সালের ১৫ জুলাই নাইকো দুর্নীতির মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত ও রুল জারি করে আদালত। পরে ওই স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। বাসস