রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে টিআইসিতে দর্শকদের মুগ্ধ করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখ’ রবীন্দ্রনাথের এ গান দিয়ে শুরু করেন গুণী এই শিল্পী। চট্টগ্রাম নগরীতে গত ৩ ডিসেম্বর শুরু হয় তিন দিনব্যাপী জীবনের জয়গান উত্সব। তারই অংশ হিসেবে অনুষ্ঠানের উদ্বোধনী দিনে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দর্শকদের মাতিয়ে গেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ব্যান্ড দল তিরন্দাজ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ গানটি যেন নতুন আবেগ নিয়ে ধরা দেয় দর্শক-শ্রোতাদের কাছে। এরপর রবীন্দ্রনাথের পূজা পর্বের গানে দর্শকের সম্মোহিত হওয়ার পালা। বন্যা গাইলেন ‘দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে’। এরপর ‘তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে’ গানটি যেন একরাশ খোলা হওয়া এনে দিলো মিলনায়তনে। সুরে আবিষ্ট দর্শক এরপর শুনলেন, ‘বিপুল তরঙ্গ রে’ গানটি।
গানের ফাঁকে বন্যা বলেন, ‘চট্টগ্রামে আমি এর আগে অনেকবার এসেছি, এখানকার দর্শকদের কাছে যে ভালোবাসা পেয়েছি তারই টানে এই অনুষ্ঠানে আসা।’ করতালিতে মিলনায়তন মুখর করে দর্শকরাও এই অনুরাগের প্রতিদান দিলেন।