পাকিস্তানে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

 
পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ইন্ডিয়ান এক্সপ্রেস তার এক প্রতিবেদনে জানায়, আজ মঙ্গলবার পাকিস্তন সফরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আফগানিস্তান সংক্রান্ত এক সম্মেলন শেষে পাকিস্তানে যাবেন তিনি।
 
এর আগে প্যারিসে জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এ সময় তাদের মধ্যে উষ্ণ আলোচনা হয় বলে জানিয়েছিল ডন। সেই সঙ্গে সোমবার ব্যাংককে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও নাসির জানজুয়ার মধ্যে সফল আলোচনার পরদিনই ইসলামাবাদ যাচ্ছেন পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ।
 
দীর্ঘ তিন বছর পর কোনো ভারতীয় শীর্ষ কর্মকর্তার এটিই প্রথম পাকিস্তান সফর। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে ইসলামাবদ সফর করেছিলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা। সুষমা স্বরাজ তার এই সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী সারতাজ আজিজের সঙ্গে দেখা করবেন বলে জানানো হয় প্রতিবেদনে। কিন্তু আলোচনার বিষয় সম্পর্কে উল্লেখ করেনি দুই দেশের মিডিয়া।
 
তবে প্রতিবেদনে ধারণা প্রকাশ করা হয়, সুষমার এই সফরের মাধ্যমে নরেন্দ্র মোদীর পাকিস্তান সফরের পথ সুগম হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস।