বাংলাদেশকে ৮০ লাখ ইউরো দেবে ইইউ

 
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও দুর্যোগের মুখে থাকা জনগোষ্ঠীর সহায়তায় ৮০ লাখ ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।
 
বিবৃতিতে জানানো হয়েছে, আগামী বছর থেকে শুরু হতে যাওয়া চার বছরমেয়াদী একটি প্রকল্পের অধীনে জিসিসিএ প্লাসের (দ্য গ্লোবাল ক্লাইমেট চেইঞ্জ অ্যালায়েন্স + ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ) মাধ্যমে অনুদানের অর্থ ছাড় করা হবে।
 
ইইউয়ের বিবৃতিতে বলা হয়, জাতীয় নীতিমালা ও অগ্রাধিকারের পরিপূরক হিসেবে তৈরি প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউএন ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ড যৌথভাবে বাস্তবায়ন করবে। দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে অভিযোজন ক্ষমতা তৈরির লক্ষ্যে নেয়া এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক এলাকার দুই লাখ পরিবার সরাসরি উপকৃত হবে।
 
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন বিবৃতিতে বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার দরিদ্রতম ও প্রান্তিক মানুষরাই জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই অনুদান তাদের সরাসরি উপকৃত করবে।
 
মায়োদন বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির বাংলাদেশ সদ্য নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এখন সময়মতো পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ হলে তা চাকরি ও প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখবে।
 
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ প্রশমন ও অভিযোজনে বাংলাদেশকে কারিগরি ও অর্থনৈতিক সহায়তায় তত্পরতা অব্যাহত রাখার আশ্বাস দেন ইইউ রাষ্ট্রদূত।