গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মনজুরুল ইসলাম লিটনের অর্ন্তবর্তীকালীন জামিনের মেয়াদ আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে আদালত। মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনিরুজ্জামান শিকদার এই আদেশ দেন।
এর আগে ২৪ দিন কারাভোগের পর সংসদ অধিবেশন যোগ দিতে গত ৮ নভেম্বর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান লিটন। গত ২৪ নভেম্বর একই আদালতে হাজির হয়ে দ্বিতীয়বারের মতো স্থায়ী জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তার আবেদন নামঞ্জুর করে ৮ ডিসেম্বর পর্যন্ত অর্ন্তবর্তীকালীন জামিনের সময় বৃদ্ধি করেন।
এমপি লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, দুপুরে স্থায়ী জামিনের জন্য আদালতে আবেদন করা হয়। কিন্তু বিচারক স্থায়ী জামিন নামঞ্জুর করে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত জামিনের সময় বৃদ্ধি করেছেন।
গাইবান্ধা আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) এ কে এম এনামুল করিম জানান, আদালতের বিচারক এই মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ১৭ জানুয়ারি নির্ধারণ করেছেন। এছাড়া বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের মামলায় এমপি লিটন অন্তর্বর্তীকালীন জামিনে আছেন। এই মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এছাড়া ঐ দিনেই এমপি লিটন ও তার লোকজন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মন্ডলের বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করেন বলে অভিযোগ উঠে। হাফিজার মন্ডল গত ৭ অক্টোবর এমপি লিটনসহ ১০ জনকে আসামি করে অপর একটি ভাংচুর ও লুটপাটের মামলা দায়ের করেন।