মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে ইরান

আবারো মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে ইরান। সোমবার জাতিসংঘের কর্মকর্তারা দেশটির মিসাইল পরীক্ষার কথা জানান। —খবর ডনের।
 
নাম প্রকাশ না করার শর্তে জাতিসংঘের দুজন কর্মকর্তা জানান, গত ২১ নভেম্বর ইরান নতুন করে মঝারি পাল্লার মিসাইল পরীক্ষা চালিয়েছে। এর মাধ্যমে দেশটি নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা লঙ্ঘন করেছে বলেও তাদের অভিযোগ। কর্মকর্তাদের একজন জানান, মিসাইলটি পুরো ইরানি অঞ্চল প্রদক্ষিণ করে। 
 
পশ্চিমা এক কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত সপ্তাহে পাকিস্তান সীমান্ত সংলগ্ন দেশটির বন্দর শহর চাবাহারের কাছে পরীক্ষাটি চালানো হয়। তরল জ্বালানীর ক্ষেপণাস্ত্রটি ১৯শ’ কিলোমিটার পাল্লার এবং পরমাণবিক বোমা বহনে সক্ষম। 
 
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা পরিষদের কয়েকজন কূটনীতিক সোমবার জানিয়েছেন, ইরানের আইন ভঙ্গের বিষয়ে নতুন করে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ তারা পাননি। গত অক্টোবরে মিসাইল পরীক্ষা চালিয়ে তেহরান জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছে বলে  অভিযোগ আনে ছয় বিশ্বশক্তি। 
 
২০১০ সালে নিরাপত্তা পরিষদ এক প্রস্তাবনার মাধ্যমে ইরানের সকল ধরনের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করে। প্রস্তাবনায় বলা হয়, দেশটির সাথে ছয় বিশ্বশক্তির পারমাণবিক চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। সূত্র: সিএনএন