ডুয়েটে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া পরীক্ষা পিছানোর ঘটনায় অপর একটি তদন্ত কমিটি গঠন হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন জানান, সোমবার বিশ্ববিদ্যালয়ে দুই দল ছাত্রের মধ্যে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এতে কারা জড়িত তা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. নাসিম আখতারকে প্রধান করে মঙ্গলবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া বৃহস্পতিবার থেকে ডুয়েটে সকল পরীক্ষা অনুষ্ঠানের নির্ধারিত দিন ছিল। কি কারণে পরীক্ষা পিছানো হয়েছে এবং এর পিছনে কারা ইন্দন যোগিয়েছে তা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর খালেদ খলিলকে প্রধান করে অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
 
উল্লেখ্য, সোমবার বিকালে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত আটজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজন ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন এবং সোমবার সন্ধ্যা ছয়টার মধ্যে ছাত্রদের এবং মঙ্গলবার সকাল আটটার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়।