সমুদ্রের তলা দিয়ে ভারতের গুজরাট পর্যন্ত গ্যাস পাইপলাইন বসাতে ভারতের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এই পাইপলাইন নির্মাণে খরচ হবে ৪৫০ কোটি ডলার। ন্যাশনাল ইরানিয়ান গ্যাস এক্সপোর্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আলিরেজা কামেলি নয়াদিল্লিতে আয়োজিত বিশ্ব শক্তি উত্পাদন নীতি সংক্রান্ত সম্মেলনে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে এই আলোচনা। ১,৪০০ কিলোমিটার লম্বা পাইপ লাইনটি ইরানীয় উপকূল থেকে ওমান সাগর ও ভারত মহাসাগর হয়ে গুজরাটে ঢুকবে। দিনে তিন দশমিক ১৫ কোটি ঘন মিটার গ্যাস সরবরাহ করতে সক্ষম হবে এই পাইপলাইন।’
প্রস্তাব অনুযায়ী, নয়াদিল্লির সাউথ এশিয়া গ্যাস এন্টারপ্রাইজ এই পাইপলাইন নির্মাণ করবে। যে-সংস্থা ইরানের কাছ থেকে গ্যাস কিনতে চাইবে, তাদের ভাড়া দিয়ে ওই পাইপলাইন ব্যবহার করতে হবে। এর জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়া এবং গ্যাস কেনা-বেচার চুক্তি হওয়ার দিন থেকে ধরলে আগামী দু’বছরের মধ্যেই পাইপ লাইন তৈরি হয়ে যাবে বলে দাবি কামেলির।
উল্লেখ্য, এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গ্যাসের রিজার্ভ রয়েছে ইরানের। আর সবচেয়ে বেশি গ্যাস রয়েছে রাশিয়ার মাটির তলায়।