রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রীয় এলাকার একটি বাসস্টপে বোমা বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। রুশ গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, সোমবার রাতের এ বিস্ফোরণকে তদন্তকারীরা উচ্ছৃঙ্খল তরুণদের কাণ্ড বলে বিবেচনা করছেন।
মস্কোর কেন্দ্রীয় অংশের চিস্তি পরুদি এলাকার পোকরোভকা সড়কে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই এলাকায় প্রচুর বার ও ক্যাফে আছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্দ্রেই গালিয়াকবেরভ জানিয়েছেন, সম্ভবত কোনো চলন্ত গাড়ি থেকে অথবা কাছের কোনো ভবন থেকে বোমা ছুঁড়ে মেরে ঘটনাটি ঘটানো হয়েছে।
গালিয়াকবেরভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস জানায়, কাঁচের টুকরার আঘাতে চারজন আহত হয়েছেন। মস্কো পুলিশের একটি তদন্ত দল ঘটনাস্থলে রয়েছে। রাশিয়ার ফৌজদারি আইনানুযায়ী ঘটনাটিকে ‘গুণ্ডামি’ হিসাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
নিরাপত্তা বিভাগের এক সূত্রের বরাতে তাস জানায়, আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সামান্য আঘাত পাওয়া অপর দুইজনকে ঘটনাস্থলে চিকিত্সা দেয়া হয়েছে। সূত্র: রয়টার্স