নির্বাচনে অংশ নেয়ায় খালেদাকে ১৪ দলের ধন্যবাদ

 

আসন্ন পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

তিনি বলেন, নির্বাচনে অংশ গ্রহণের জন্য আমরা তাকে (খালেদা জিয়া) ধন্যবাদ জানাই। তিনি উপলব্ধি করতে পেরেছেন নির্বাচন বর্জন শুভ লক্ষণ নয়। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছেন।

 

মঙ্গলবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

নাসিম বলেন, পৌরসভা নির্বাচনে ১৪ দলের শরীকরা দলীয়ভাবে অংশগ্রহণ করছে। ১৪ দল মনে করে এ নির্বাচনে যে যার মতো ভূমিকা রাখা দরকার। তাই এ নির্বাচন নিয়ে ১৪ দলের মধ্যে কোনো বিভেদ নেই। এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে শতভাগ সফল হবে। আর এ ব্যাপারে ১৪ দল সর্বাত্মক সহযোগিতা করবে।

 

নির্বাচন সফল করতে ১৪ দলীয় নেতা দিলীপ বড়ুয়ার নেতৃত্বে একটি টিম গঠন করা হবে বলেও জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, এই টিম স্থানীয় পর্যায়ে নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করবে। 

 

পাকিস্তানের কাছ থেকে নায্য হিস্যা আদায়ের পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের অমার্জনীয় অপরাধ বাঙালি কোনও দিন ক্ষমা করবে না। আমরা পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে চাই
 

আমাদের হিস্যার জন্য পাকিস্তানিদের উপর চাপ দেয়া হোক। চুক্তি অনুযায়ী তাদের যে ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচার করার কথা ছিল সেটার জন্য চাপ দেয়া হোক।

নির্বাচনে নাশকতার আশঙ্কা করছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা কোনো আশঙ্কা করছি না। নাশকতা বিএনপির উপর নির্ভর করছে। এই প্রশ্নটা তাদের করেন।

সাম্যবাদিদলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক গোলাপ, ওয়াকার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির শাহাদত হোসেন, বাসদের রেজাউর রশীদ খান, তরিকত ফেডারেশনের এম এ আউয়াল প্রমুখ।