সরকারের সঙ্গে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে রুখে দিয়ে দেশগঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল রাজনৈতিক দল, সংগঠন ও দেশপ্রেমিক জনগনকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফ্রন্টের কাউন্সিল অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

গণফ্রন্টের চেয়ারম্যান ব্যরিস্টার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণফ্রন্টের আহ্বায়ক, উপদেষ্টা ব্যারিস্টার মো. আকমল হোসেন ও মহাসচিব অ্যাডভোকেট আহমেদ আলী শেখ বক্তৃতা করেন।

ডেপুটি স্পিকার বলেন, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হলে দৃঢ় মনোবলের অধিকারী সৎ, সাহসী ও দেশপ্রেমিক একজন প্রাজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। দেশ আজ তেমনই একজন প্রজ্ঞাময়ী যোগ্য প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। এ নেতৃত্ব অব্যাহত থাকলে বাংলাদেশ অতি শিগগিরই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপোসহীন সাহসী নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আর তারই সুযোগ্য কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ একের পর এক সাফল্য অর্জন করে চলছে।
 
ফজলে রাব্বি মিয়া বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের নতুন দ্বার উন্মুক্ত করে দিয়েছে এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যহত রেখেছে।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে গণফ্রন্টসহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নিয়ে প্রমাণ করেছেন তারা সত্যিকারভাবে দেশের জনগণের কল্যাণ, গনতন্ত্রের অগ্রযাত্রাকে সমুন্নত রাখা ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়।
 
এ সময় ডেপুটি স্পিকার ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী গণফ্রন্টসহ সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান।