যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ঢাকায়

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস ভার্মা তিন দিনের এক সফরে ঢাকায় এসে পৌঁছেছেন মঙ্গলবার। নতুন বৈশ্বিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের ব্যাপারে বাংলাদেশের প্রতিশ্রুতির প্রতি সহায়তায় ব্যাপারে তিনি বিভিন্ন ক্ষেত্রের বেশ কিছু লোকের সঙ্গে বৈঠকে মিলিত হবেন।


যুক্তরাজ্যের সংসদের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের সদস্য ব্যারোনেস ভার্মা গত ১৩ মে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের সংসদীয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নিযুক্ত হন। কুটনৈতিক সূত্রের খবর, নিরাপত্তার কারণে ঢাকার ব্রিটিশ হাই কমিশন ভার্মার সফর বিষয়ে পূর্ব কোনো ঘোষণা দেয়নি।


নতুন বৈশ্বিক লক্ষ্যমাত্রাসমুহ অর্জনে ব্রিটেনের প্রতিশ্রুতি এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন ব্যারোনেস ভার্মা। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিন দিনের সফরে ভার্মা স্থানীয় শ্রোতাদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন। নতুন বৈশ্বিক লক্ষ্যমাত্রাসমুহের ব্যাপারে যুক্তরাজ্য সরকারের অগ্রাধিকার এবং এসব লক্ষ্যমাত্রা অর্জনে যুক্তরাজ্য সরকার কীভাবে বাংলাদেশকে সহায়তা করলে সবচেয়ে ভালো ফল বয়ে আসবে সে বিষয়টি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখবেন তিনি।


আগামী দশ বছরের মধ্যেই দেশ থেকে চরম দারিদ্র দুর ও সমাজের সকল শ্রেণির মানুষকে উন্নয়নের মহাসড়কে যুক্ত করার যে লক্ষ্যমাত্রা স্থির করেছে বাংলাদেশ সে ব্যাপারেও যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতা রয়েছে।


মন্ত্রী ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি উন্নয়ন অংশীদার, সুশীল সমাজ, স্থানীয় উন্নয়ন প্রতিনিধি এবং সুবিধাভোগীসহ বিভিন্ন ক্ষেত্রের লোকদের সঙ্গে সাক্ষাত করবেন ভার্মা।


ভার্মা বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক দাতা হিসেবে আমাদের লক্ষ্য হল- বাংলাদেশের জনগনের সঙ্গে কাজ করা যাতে এ দেশের সবচেয়ে গরীব, সবচেয়ে ঝুঁকিতে থাকা ও প্রান্তিক লোকদের জীবন মানের উন্নয়ন ঘটানো যায়। আর বাংলাদেশে যুক্তরাজ্যের আর্থিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পসমুহে সকলকেই অন্তর্ভুক্ত করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশে আমরা লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নের ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি’।


প্রসঙ্গত, ব্যারোনেস ভার্মা একজন ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। ভারতের পাঞ্জাবে জন্মগ্রহণকারী ভার্মা মাত্র ১ বছর বয়সে ব্রিটেনে পাড়ি জমান।