সৌদিতে মৃত্যুদণ্ড থেকে আপাতত রক্ষা পেলেন সেই গৃহপরিচারিকা

 
সৌদি কর্তৃপক্ষ শ্রীলংকার গৃহপরিচারিকার মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার ব্যাপারে সম্মত হয়েছে। তাকে ব্যভিচারের দায়ে পাথর নিক্ষেপ করে দণ্ড কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছিল। নাম প্রকাশ না করা ওই নারীকে প্রথমে মৃত্যুদণ্ডের রায় দেয়া হলেও একই অপরাধে দেশটির অপর এক যুবককে ১০০ দোররা মারার শাস্তি দেয়া হয়।
 
শ্রীলংকার উপ-পররাষ্ট্র মন্ত্রী হর্ষ দ্য সিলভা মঙ্গলবার কলম্বোয় পার্লামেন্টে বলেন, গত সপ্তাহে শ্রীলংকার কূটনীতিকরা একটি সৌদি কারাগারে আটক ওই নারীর সঙ্গে দেখা করেন। এরপর শ্রীলংকা সরকারকে নতুন করে ওই নারীর পুনর্বিচারের আশ্বাস দেয়া হয়েছে। তিনি পার্লামেন্টকে বলেন, ‘আমাদের তৎপরতায় সৌদি কর্তৃপক্ষ নতুন করে বিচার করতে সম্মত হয়েছে।’
 
পুনর্বিচার নিয়ে বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, ‘এটাকে বিরাট বিজয় হিসেবে দেখা হচ্ছে। আমরা তাকে আইনি সহায়তা করবো।’
 
ওই নারীর বয়স ৪৫ বছর। তিনি বিবাহিত ও তার দুই সন্তান রয়েছে। গত আগস্টে ব্যভিচারের জন্য ওই নারীকে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দেয়া হয়। সূত্র: বিবিসি