জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিন্ডিকেট সভায় নিয়োগকৃত তিন শিক্ষকের বাইরে আরো একজনকে নিয়োগপত্র দিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। প্রভাষক হিসেবে নিয়োগপত্র পেয়ে তিনি সোমবার একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে যোগদান করতে যান। অবশ্য পরে বিষয়টি জানাজানি হলে তার কাছ থেকে নিয়োগপত্র নিয়ে নেয়া হয়।
জানা যায়, গত ৩ ডিসেম্বর নিয়মিত সিন্ডিকেট সভায় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে অস্থায়ী সহকারী অধ্যাপক পদে ড. মো. সালাহ উদ্দিন রাজিব, অস্থায়ী প্রভাষক পদে মো. আতিকুর রহমান ও তানজিলা হোসাইনকে নিয়োগ দেয়া হয়। কিন্তু রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এই তিনজনসহ আরো একজন প্রভাষক প্রার্থী নিতাই কুমার সাহাকেও নিয়োগপত্র দেন। পরে তারা সোমবার বিভাগে যোগদান করেন। পরে ওই অতিরিক্ত একজনকে ডেকে তার নিয়োগপত্র নিয়ে নেয়া হয়। এ বিষয়ে নিতাই কুমার সাহা বলেন, আমাকে নিয়োগপত্র দেয়া হয়। সেই অনুযায়ী আমি ব্যাংকে টাকা জমা দিয়ে বিভাগে যোগদান করি। কিন্তু পরে রেজিস্ট্রার আমাকে ডেকে নিয়োগপত্র নিয়ে নেন এবং বলেন ভুল করে নিয়োগপত্রটি দেয়া হয়েছে।
কয়েকজন শিক্ষক জানান, এটা নিয়ে একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন। যদি রেজিস্ট্রার এমন বড় ভুল করে থাকেন তাহলে তার শাস্তি হওয়ার উচিত। এ বিষয়ে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। পরে তা ঠিক হয়ে গেছে।